মহাকাশে অসংখ্য গ্যালাক্সি রয়েছে। এদের সংখ্যা আনুমানিক ১০ ট্রিলিয়নেরও বেশি বলে ধারণা করা হয়। মহাকাশ এত বিশাল যে, সব গ্যালাক্সির সম্পূর্ণ তালিকা এখনো তৈরি হয়নি। তা সত্বেও যতগুলো আবিষ্কৃত হয়েছে তার সবগুলো নিয়ে একটি প্রবন্ধ লেখা বাস্তবসম্মত নয়। তাই আমি স্পাইরাল গ্যালাক্সির নিয়ে একটি প্রবন্ধ তৈরি করব।
আমরা জানি মহাকাশের অগণিত গ্যালাক্সি আমাদের সৌরজগতের বাইরে বিস্তৃত। এই গ্যালাক্সিগুলোর প্রতি আমাদের আকর্ষনের মূল কারণ হলো তাদের আকার, গঠন এবং দূরত্বের জন্য। তদুপরি মানুষের জানার কৌতুহল কত কিছুই না আবিস্কারে সাহায্য করছে।
এই মহাবিশ্বে কত ধরনের গ্যালাক্সি রয়েছে?
এই বিশ্বব্রহ্মন্ডে বিভিন্ন ধরনের গ্যালাক্সি রয়েছে। যেমন-
ক) সর্পিল ছায়াপথ
খ) উপবৃত্তাকার ছায়াপথ
গ) অনিয়মিত ছায়াপথ
ঘ) ব্যারেড সর্পিল ছায়াপথ
ঙ) লেন্টিকুলার গ্যালাক্সি এবং
চ) বামন ছায়াপথ
সর্পিল ছায়াপথ বা স্পাইরাল গ্যালাক্সি একটি বিশাল জগৎ। তাই আমি নির্বাচিত কয়েকটি স্পাইরাল গ্যালাক্সির মধ্যে সীমাবদ্ধ থেকে সংক্ষিপ্ত আলোচনা করবো। কৌতুহলি পাঠক প্রদেয় লিংক অনুযায়ী অধিক তথ্য আহরণ করতে পারবেন।
স্পাইরাল (বা সর্পিল) গ্যালাক্সিকে আবার কয়েকটি প্রধান ভাগে ভাগ করা হয়। যেমন- সাধারণ সর্পিল গ্যালাক্সি (এস-এ, এস-বি, এবং এস-সি), ব্যারেড (বাধাগ্রস্ত) সর্পিল গ্যালাক্সি (এসবি-এ, এসবি-বি, এসবি-সি) এবং লেন্টিকুলার (বা লেন্স-আকৃতির) ছায়াপথ। এছাড়াও বিরল ধরনের কিছু সর্পিল গ্যালাক্সি রয়েছে, যেমন পোলারাইজড সর্পিল গ্যালাক্সি। এই বিভাজনগুলো করা হয়েছে তাদের সর্পিল বাহুর গঠন এবং কেন্দ্রীয় অঞ্চলের আকারের উপর ভিত্তি করে।
(১) মিল্কিওয়ে (ছায়াপথ বা আকাশ গঙা) (Milky Way)
এটা আমাদের নিজস্ব গ্যালাক্সি এবং এতে প্রায় ২০০-৩০০ বিলিয়ন নক্ষত্র রয়েছে। সূর্য থেকে এর কেন্দ্র প্রায় ২৬,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। মিল্কিওয়ে গ্যালাক্সি নিয়ে নীচে আরো অলোচনা করা হলো-
সমগ্র মিল্কিওয়ে
মিল্কিওয়ে হল একটি সর্পিল ছায়াপথ যার ব্যাস প্রায় ১০০,০০০ থেকে ১,৮০,০০০ আলোকবর্ষ। এর কেন্দ্রে আনুমানিক ১০০-৪০০ বিলিয়ন নক্ষত্র এবং একটি অতিবৃহৎ কৃষ্ণগহ্বর আছে (ছবি নং-১)।
আমাদের সৌরজগৎ গ্যালাকটিক কেন্দ্র থেকে প্রায় ২৬,০০০ আলোকবর্ষ দূরে, ওরিয়ন আর্মের মধ্যে এটি অবস্থিত। মিল্কিওয়ে স্থানীয় গ্যালাক্সির দল এবং কন্যা রাশির (Virgo) সুপারক্লাস্টারের অংশ।
আমাদের মিল্কিওয়ে অঞ্চলটি ১,০০০ আলোকবর্ষ পুরু (ছবি নং-১ দেখুন)। এক আলোকবর্ষ প্রায় ৫.৯ ট্রিলিয়ন মাইল বা ৯.৫ ট্রিলিয়ন কিলোমিটার। তাই এটা বলা নিরাপদ যে, আমরা আপনার জীবদ্দশায় এ ছায়াপথ ছেড়ে অন্য কোথাও যেতে পারবো না (আরো জানতে Discovery.com দেখুন)!
ছায়া পথের কাজিন (NGC 3949)
এনজিসি ৩৯৪৯ গ্যালাক্সিটি মিল্কিওয়ের মতো। তাই একে আকাশ গঙা বা মিল্কি ওয়ের কাজিন বলা হয়। আমাদের মিল্কিওয়ের মতো এর ছায়াপথে আছে তরুণ নক্ষত্রের নীল চাকতি, যা উজ্জ্বল পিঙ্ক নক্ষত্র তৈরির অঞ্চলের সাথে ছড়িয়ে ছিটিয়ে থাকে। কেন্দ্রীয় উজ্জ্বল স্ফীত অংশের বেশিরভাগ নক্ষত্রই হলো বয়স্ক ও লালচে (ছবি নং-১) দেখুন।
এনজিসি ৩৯৪৯ পৃথিবী থেকে প্রায় ৫০ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি উর্সা মেজর (The Great Bear) নক্ষত্রমণ্ডলে বিগ ডিপারের (Big Dipper) দিকে অবস্থিত। আসলে এটি প্রায় ছয় বা সাত ডজন ছায়াপথের একটি আলগা ক্লাস্টারের সদস্য এবং সবার চেয়ে বড় (কৌতুহলি পাঠক NASA এর বর্ণনা দেখতে পারেন)
ছবি নং-১: সম্পূর্ণ ছায়াপথ, ছায়াপথের কাজিন, অদ্ভত বস্তু ছিটকে বের হচ্ছে, কেন্দ্র এবং কেন্দ্রেরে ঘন অংশের কিছুটা
ছায়াপথ গ্যালাক্সি হতে আশ্চর্জনক বস্তুর নির্গমন
নাসার ব্যাকইয়ার্ড ওয়ার্ল্ডস প্ল্যানেট-৯ প্রকল্পের অংশ হিসেবে অপেশাদার জ্যোতির্বিদরা WISE মিশনের তথ্য ব্যবহার করে মিল্কিওয়ে থেকে বেরিয়ে আসা দ্রুত গতিশীল বস্তু CWISE J1249 শনাক্ত করেন (ছবি নং-১)। এই আবিষ্কার বিজ্ঞানে জনসাধারণের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং দূরবর্তী এবং ক্ষীণ স্বর্গীয় বস্তু সনাক্তকরণে ইনফ্রারেড জ্যোতির্বিদ্যার গুরুত্ব তুলে ধরে (রআরো পড়তে পারেন Economic Times।
মিল্কিওয়ে গ্যালাক্সির প্রাণকেন্দ্র
আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির প্রাণ কেন্দ্রটি অপটিক্যাল টেলিস্কোপের চোখ থেকে লুকিয়ে আছে ধুলো এবং গ্যাসের মেঘের আড়ালে। কিন্তু নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপের ইনফ্রারেড ক্যামেরাগুলি ধুলোর বেশিরভাগ অংশ ভেদ করে গ্যালাক্সির কেন্দ্র অঞ্চলের নক্ষত্রগুলি ছবি তুলেছে (ছবি নং-১ (আরো জানতে দেখুন, NASA)।
মিল্কিওয়ে কেন্দ্রের ঘন বস্তুর কিছু অংশ
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের NIRCam (নিকট-ইনফ্রারেড ক্যামেরা) যন্ত্রটি মিল্কিওয়ের ঘন কেন্দ্রের একটি অংশকে নতুন করে জানার সুযোগ সৃষ্টি করেছে। ধনু রাশি-সি (Sgr C) অঞ্চলের এই ছবিতে (ছবি নং-১ দেখুন) আনুমানিক ৫,০০,০০০ নক্ষত্র জ্বলজ্বল করছে। তবে কিছু অজ্ঞাত বিষয়ও রয়েছে। সায়ান রঙে দেখানো আয়নিত হাইড্রোজেনের একটি বৃহৎ অঞ্চলে আকর্ষণীয় সূঁচের মতো কাঠামো রয়েছে যার কোন সুনির্দিষ্ট ওরিয়েন্টেশন (অভিমুখ) নেই।
পৃথিবী থেকে প্রায় ২৫,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত এই কেন্দ্রটি নক্ষত্রে ভরপুর এক অস্থির জায়গা। সেখানে অস্থির, চুম্বকীয় গ্যাসীয় মেঘ রয়েছে যা নক্ষত্র তৈরি করছে। নক্ষত্র তৈরির এলাকা থেকে বহির্গামি বাতাস, জেট এবং বিকিরণ চারপাশের গ্যাসের উপর প্রভাব ফেলে (আরো পড়তে পারেন, NASA এর বর্ণনা)।
মিল্কিওয়ে গ্যালাক্সির বাহু
নাসার স্পিটজার স্পেস টেলিস্কোপ থেকে প্রাপ্ত ইনফ্রারেড ছবি ব্যবহার করে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে, মিল্কিওয়ের সুন্দর সর্পিল কাঠামোটি দুটি বাহু দ্বারা প্রভাবিত এবং নক্ষত্রের কেন্দ্রীয় দণ্ডের (bar) প্রান্তে মোড়ানো। ছায়াপথের দুটি প্রধান বাহু (স্কুটাম-সেন্টোরাস এবং পার্সিয়াস) একটি ঘন কেন্দ্রীয় দণ্ডের প্রান্তে সংযুক্ত। আর বর্তমানে অবনমিত দুটি ক্ষুদ্র বাহু (নর্মা এবং স্যাজিটারিয়াস) কম স্পষ্ট এবং প্রধান বাহুগুলির মধ্যে অবস্থিত (ছবি নং-২)।
প্রধান বাহুগুলিতে নবীন ও পুরাতন নক্ষত্রের ঘনত্ব সব চেয়ে বেশি। তবে ক্ষুদ্র বাহুগুলিত মূলত গ্যাস এবং নক্ষত্র তৈরির কার্যকলাপের স্থান। এর অংশে সেজিটেরিয়াস এবং পার্সিয়াসের বাহুর মাঝখানে হলো ছোট্র ওরিয়ন বাহু বা ওরিয়ন স্পার যেখানে আমাদের সূর্য অবস্থিত (আরো জানতে পড়তে পারেন, NASA কর্তৃক প্রদেয় বর্ণনা)
ছবি নং-২: মিলকিওয়ে গ্যালাক্সি (ছায়াপথের) বিভিন্ন রকমের বাহু
ছায়াপথের ডাউনটাউন
এই প্যানোরামাটি মিল্কিওয়ের কেন্দ্রের উপরে এবং নীচের এক অভূতপূর্ব এক্স-রে দৃশ্য প্রদান করে। এই নতুন জরিপটি নাসার পূর্ববর্তী চন্দ্র এক্স-রে অবজারভেটরির পর্যবেক্ষণের উপর ভিত্তি করে তৈরি, যা টেলিস্কোপের ৩৭০টি পৃথক বিন্দুকে একত্রিত করেছে (ছবি নং-৩)।
প্রদত্ত ছবিতে চন্দ্র (Chandra) থেকে প্রাপ্ত এক্স-রে এর বিভিন্ন ব্যান্ড (কমলা, সবুজ, বেগুনি) রেডিও ডেটার (ধূসর) সাথে একত্রিত করে দেখানো হয়েছে। অর্থাৎ মিল্কিওয়ের কেন্দ্রের কাছে সুতার মতো অতি উত্তপ্ত গ্যাস এবং চৌম্বক ক্ষেত্র রয়েছে (আরো পড়ার জন্য, NASA এর রিপোর্ট দেখুন)।
ছবি নং-৩: ছায়াপথের ডাউনটাউন
এ পর্যন্ত মিল্কি ওয়ে বা ছায়াপথ নিয়ে লিখেছি। এখন আমি আরো কিছু স্পাইরাল গ্যলাক্সি নিয়ে আলোচনা করবো-
(২) আইসি ৫৩৩২ (IC5332)
এখানে আইসি ৫৩৩২ এর যে ছবিটি দেখানো হয়েছে তা NIRCam এবং MIRI যন্ত্র ব্যবহার করে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (JWST) দ্বারা প্রাপ্ত পৃথক এক্সপোজারের সংমিশ্রণ (ছবি নং-৪)। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণগুলি উপরে বাম দিকে এবং হাবল স্পেস টেলিস্কোপটির পর্যবেক্ষন নীচে ডানদিকে দেখানো হয়েছে।
JWST এর উচ্চ-রেজোলিউশনের ইনফ্রারেড ছবিতে কমলা এবং লাল রঙের ছায়ায় গ্যাস ও ধুলোর খাঁজকাটা প্রান্ত সূক্ষ্ম সর্পিল আকারে দেখা যাচ্ছে। তবে এই অঞ্চলগুলি এখনও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পক্ষান্তরে হাবলের ছবিতে গ্যাস এবং ধুলো একই সর্পিল আকার অনুসরণ করে কুয়াশাচ্ছন্ন গাঢ় বাদামী লেন হিসাবে দেখা যাচ্ছে (ভিজিট করতে পারেন, Webbtelescope.org)।
(৩) মেসিয়ের ৭৪ (NGC628)
মেসিয়ের ৭৪ গ্যালাক্সিটি মীন রাশি বা মাছ নক্ষত্রমণ্ডলের দিকে প্রায় ৩২ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি প্রায় আধা ডজন ছায়াপথের একটি ছোট দলের মধ্যে প্রধান সদস্য (ছবি নং-৪)। অনুমান করা হয় যে, এম ৭৪ প্রায় ১০০ বিলিয়ন নক্ষত্রের আবাসস্থল। তাই এটি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি থেকে সামান্য ছোট।
মেসিয়ার ৭৪ সর্পিল ছায়াপথের একটি অত্যাশ্চর্য উদাহরণ। এর নিখুঁত প্রতিসম সর্পিল বাহুগুলি কেন্দ্রীয় নিউক্লিয়াস থেকে নির্গত তরুণ নীল তারার গুচ্ছ এবং আয়নিত হাইড্রোজেনের উজ্জ্বল গোলাপী অঞ্চল দ্বারা চিহ্নিত। তারা গঠনের এই অঞ্চলগুলিতে অতিবেগুনী তরঙ্গদৈর্ঘ্যে আলোর আধিক্য দেখা যায় (আরো জানতে চাইলে দেখতে হবে NASA এর রিপোর্ট)।
(৪) এনজিসি ১০৮৭ (NGC1087)
এনজিসি ১০৮৭ এর ধুলোময় সর্পিল বাহুতে নতুন এবং পুরাতন নক্ষত্র উভয়ই জ্বলজ্বল করে (ছবি নং-৪)। ৮০ মিলিয়ন আলোকবর্ষ দূরে Cetus নক্ষত্রমণ্ডলে অবস্থিত এনজিসি ১০৮৭ হলো একটি ব্যারেড সর্পিল ছায়াপথ (Barred spiral galaxy)। এর ব্যাস ৮৭০০০ আলোকবর্ষ এবং এর একটি খুব ছোট নিউক্লিয়াস আছে।
গাঢ় লাল রঙের এই গ্যালাক্সির ধুলোর রেখাগুলি এর সর্পিল গঠনে সাহায্য করে (ছবি নং-৪)। এনজিসি ১০৮৭ এর স্টেলার বারটি (Stellar bar) (গ্যালাক্সির কেন্দ্রে অবস্থিত লম্বাটে উজ্জ্বল-সাদা কাঠামো) অন্যান্য ব্যারেড গ্যালাক্সির তুলনায় ছোট। এতে নতুন তারার জন্ম হয় বলে অনুমান করা হয় (আরে জানার জন্য দেখুন, NASA)।
(৫) এনজিসি ১৩০০
হাবল টেলিস্কোপ ব্যারেড স্পাইরাল গ্যালাক্সি এনজিসি ১৩০০ এর চিত্র ধারণ করেছে। এটিকে ব্যারেড স্পাইরাল গ্যালাক্সির প্রথম আদর্শ নমুনা হিসেবে বিবেচনা করা হয়। ব্যারেড স্পাইরাল গ্যালাক্সি অন্যান্য সাধারণ স্পাইরাল গ্যালাক্সি থেকে আলাদা। কারণ এই গ্যালাক্সির বাহুগুলি কেন্দ্রের দিকে সম্পূর্ণভাবে স্পাইরাল হয় না; বরং কেন্দ্রে নিউক্লিয়াস ধারণকারী তারার একটি সরল দণ্ডের দুই প্রান্তের সাথে সংযুক্ত থাকে (ছবি নং-৪)।
নীল এবং লাল সুপারজায়ান্ট নক্ষত্রগুলি, নক্ষত্রের গুচ্ছগুলি এবং তারা তৈরির অঞ্চলগুলি সর্পিল বাহু জুড়ে ভালভাবে মিশে থাকে এবং ধুলোর রেখাগুলি থাকে ডিস্ক এবং বারের সূক্ষ্ম কাঠামোতে।
এনজিসি ১৩০০ এর বৃহত্তর সর্পিল কাঠামোর কেন্দ্রের নিউক্লিয়াসটি তার নিজস্ব অসাধারণ স্বতন্ত্র "গ্র্যান্ড-ডিজাইন" কাঠামোতে আছে যা প্রায় ৩৩০০ আলোকবর্ষ দীর্ঘ। শুধুমাত্র বৃহৎ আকারের বারযুক্ত ছায়াপথগুলিতে এই ধরনের গ্র্যান্ড-ডিজাইনের অভ্যন্তরীণ ডিস্কগুলি দেখা যায়। অর্থাৎ একটি সর্পিলের ভিতর আরেকটি সর্পিল (আরো জানার জন্য পড়তে পারেন NASA এর রিপোর্ট।