মানবজাতির ইতিহাস ভাইরাসের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত। এটি আমাদের বিবর্তন, সামাজিক কাঠামো এবং বৈশ্বিক জনসংখ্যাবিন্যাসকে রূপ দিয়েছে। প্রাচীন গুটিবসন্ত থেকে শুরু করে আধুনিক শ্বাসতন্ত্রের রোগব্যাধিতে কোটি কোটি মানুষের জীবন কেড়ে নিয়েছে ভাইরাস। অবশ্য ইহা রোগ প্রতিরোধবিদ্যা এবং জনস্বাস্থ্যের ক্ষেত্রে অগ্রগতি সাধনেও ভূমিকা রেখেছে। ভাইরাস নতুন বা পুরাতন যাই হোক না কেন তা মানব জীনের বাতি নিভিয়ে দিতে পারে।
একটি ভাইরাস সুপ্ত বা নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে রোগজীবাণুগুলো প্রায়শই বছরের পর বছর ধরে মানব কোষে বংশবৃদ্ধি না করে বা কোনো উপসর্গ সৃষ্টি না করে লুকিয়ে থাকে। এই সুপ্ত ভাইরাসগুলো, যেমন হার্পিসভাইরাস বা এইচআইভি, স্নায়ু বা রোগ প্রতিরোধক কোষের কলায় লুকিয়ে থাকে। ফরে তারা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ফাঁকি দিতে পারে।
বিশ্বের সবচেয়ে মারাত্মক ভাইরাসগুলোকে তাদের অত্যন্ত উচ্চ মৃত্যুহার এবং ব্যাপক আতঙ্ক সৃষ্টির ক্ষমতার ভিত্তিতে শ্রেণীবদ্ধ করা হয়। এর লক্ষণগুলোর মধ্যে গুরুতর রক্তক্ষরণ এবং অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া অন্যতম। উচ্চ মৃত্যুহার সম্পন্ন প্রধান ভাইরাসগুলো হলো মারবার্গ (৯০%), ইবোলা (৯০%), হান্টাভাইরাস, বার্ড ফ্লো (৫০-৭০%), লাসা, জুনিন, ক্রিমিয়া-কঙ্গো জ্বর ইত্যাদি।
আসুন, ভাইরাসজনিত রোগের ঐতিহাসিক মৃত্যুহার, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ আশঙ্কা নিয়ে গভীরভাবে আলোচনা করি।
ঐতিহাসিক মহাবীর: প্রধান ঘাতক ভাইরাস
নিম্নলিখিত ভাইরাসগুলো ঐতিহাসিকভাবে উচ্চ মৃত্যুহার এবং মানব সভ্যতার উপর তাদের প্রভাবের জন্য পরিচিত (ছবি নং-১)।
ছবি নং-১: বিভিন্ন রকমের ভাইরাস কিভাবে ছড়ায় ও লক্ষণ (সংগৃহীত)
ঐতিহাসিকভাবে প্রধান প্রধান ভাইরাসসমূহের মৃত্যুহার
ইতিহাস জুড়ে ভাইরাসের কারণে উল্লেখযোগ্য প্রাণহানি হয়েছে (সারণি নং-১ দেখুন)। কখনো তা স্থানীয়ভাবে অত্যন্ত মারাত্মকরূপে শুরু হয়ে বৈশ্বিক মহামারী ঘটিয়েছে। প্রধান প্রধান ভাইরাসগুলোকে সাধারণত তাদের সংক্রমণের তীব্রতা এবং ঐতিহাসিক প্রভাবের ভিত্তিতে শ্রেণিবদ্ধ করা হয়।
গুটিবসন্ত
গুটিবসন্ত হলো ভ্যারিওলা ভাইরাস দ্বারা সৃষ্ট একটি অত্যন্ত সংক্রামক এবং প্রায়শই মারাত্মক রোগ। এর বৈশিষ্ট্য হলো তীব্র জ্বর এবং ত্বকে স্বতন্ত্র, পুঁজ-ভরা ফুসকুড়ি। ১৯৮০ সালে নির্মূল হওয়ার আগে গুটিবসন্ত মানব ইতিহাসের সবচেয়ে বড় ঘাতক ছিল। এর অস্তিত্বের শেষ ১০০ বছরে যত মানুষের প্রাণ কেড়ে নিয়েছে তা বিংশ শতাব্দীতে সংঘটিত হওয়া সমস্ত যুদ্ধেও সেই পরিমাণ মানুষ মারা যায়নি।
স্প্যানিশ ফ্লো
স্প্যানিশ ফ্লো বিভিন্ন বয়সের মানুষকে আক্রান্ত করত। এটি তথাকথিত W-প্রবণতা প্রদর্শন করত, যেখানে সাধারণত শিশু এবং বয়স্কদের মধ্যে সংক্রমণের দুই ধরনের তীব্রতা দেখা যেতো। তবে সুস্থ তরুণ প্রাপ্তবয়স্করাও এতে আক্রান্ত হতো। এই H1N1 স্ট্রেইনটি ছিল অনন্য প্রকৃতির, কারণ এটি প্রধানত সুস্থ তরুণ প্রাপ্তবয়স্কদের (২০-৪০ বছর বয়সী) মৃত্যুর কারণ হয়েছিল। এর মূল কারন ছিল সম্ভবত সাইটোকাইন স্টর্ম—যা রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি অতিপ্রতিক্রিয়া। ১৯১৮ সালের ইনফ্লোয়েঞ্জা মহামারীতে বিশ্বজুড়ে ৫০ মিলিয়নেরও বেশি মানুষ মারা গিয়েছিল।
সারণি নং-১: বিভিন্ন ভাইরাসের কারনে প্রাণহানীর ক্ষতিয়ান
উৎস: WHO, CDC, UNAIDS: Global HIV & AIDS Statistics, and The Lancet
এইচআইভি/এইডস
এইচআইভি (হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস) হলো এমন একটি ভাইরাস যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে, বিশেষ করে সিডি৪ কোষকে (CD4 cells) আক্রমণ করে। চিকিৎসা না করা হলে এটি এইডস (অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম)-এ পরিণত হতে পারে। সংক্রমণের ক্ষেত্রে এটিই হলো সবচেয়ে গুরুতর পর্যায়।
শ্বাসতন্ত্রের ভাইরাসগুলোর মতো দ্রুত প্রাণঘাতী না হয়ে এইচআইভি ধীরে ধীরে মৃত্যু ঘটায়। ৪০ মিলিয়ন মানুষের মৃত্যু সত্ত্বেও অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (ART)-র আবির্ভাব বেশিরভাগ অঞ্চলে এটিকে সফলভাবে একটি নিয়ন্ত্রণযোগ্য দীর্ঘস্থায়ী অবস্থায় রূপান্তরিত করেছে।
ইবোলা
ইবোলা রোগ (পূর্বে ইবোলা হেমোরেজিক ফিভার নামে পরিচিত) ফাইলোভিরিডি (Filoviridae) পরিবারের অন্তর্গত ইবোলা ভাইরাসের সংক্রমণের কারণে হয়। অর্থোইবোলাভাইরাস (Orthoebolavirus) গণের অধীনে ছয়টি প্রজাতি শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে রয়েছে জায়ার, বুন্দিবুগিও, সুদান, তাই ফরেস্ট, রেস্টন এবং বোম্বালি। যদিও এর মোট মৃত্যুর সংখ্যা অন্যগুলোর তুলনায় কম, তথাপি উচ্চ মৃত্যুহারের কারণে এটি সবচেয়ে ভীতিকর রোগগুলোর মধ্যে একটি এবং চিকিৎসা না করা হলে ৯০% পর্যন্ত মৃত্যু হতে পারে।
কোভিড-১৯
কোভিড-১৯ হলো সার্স-কোভ-২ (SARS-CoV-2) ভাইরাস দ্বারা সৃষ্ট শ্বাসতন্ত্রের একটি সংক্রামক রোগ। ২০২০ সালে এটি বিশ্বব্যাপী মহামারীর সৃষ্টি করেছিল। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ২০২৩ সালের মে মাসে বিশ্বব্যাপী জরুরি অবস্থা তুলে নিয়েছে, তথাপি ভাইরাসটি এখনো সংক্রমণ ঘটাচ্ছে। ফলে এর জন্য টিকা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
পরীক্ষা এবং প্রতিবেদন দাখিলের ভিন্নতার কারণে নিশ্চিত মৃত্যুর সংখ্যাকে প্রকৃত সংখ্যার চেয়ে কম বলে মনে করা হয়। মানব ইতিহাসের দ্রুততম টিকা কর্মসূচির মাধ্যমে এর প্রভাব প্রশমিত হয়েছিল। ফলে টিকা কর্মসূচির প্রথম বছরেই আনুমানিক ২ কোটি মানুষের মৃত্যু ঠেকানো সম্ভব হয়।
ভাইসরাস রোগের বর্তমান পরিস্থিতি: ২০২৬ সালের প্রেক্ষাপট
নতুন (নভেল) এবং পুরাতন (পরিচিত) ভাইরাসের পুনরুত্থানের কারণে ভাইরাস রোগের প্রাদুর্ভাব ঘটতে পারে। এই ঘটনাগুলোকে প্রায়শই উদীয়মান বা পুনঃউদীয়মান সংক্রামক রোগ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। এমন অবস্থা মূলত পরিবেশের সাথে মানুষের মিথস্ক্রিয়া, বিশ্বায়ন এবং ভাইরাসের বিবর্তনমূলক প্রকৃতির উপর নির্ভরশীল। ২০২৬ সালে ভাইরাসের জগৎটি স্থানিক শ্বাসতন্ত্রের ভাইরাসগুলোর ব্যবস্থাপনা এবং নীরব হুমকিগুলোর পর্যবেক্ষণের দ্বারা বৈশিষ্ট্যমণ্ডিত হচ্ছে।
কোভিড-১৯ এর বিবর্তন
২০২৬ সালের মে মাস নাগাদ SARS-CoV-2 ব্যাপকভাবে ছড়ালেও এবং বিবর্তিত হলেও মূলত এটি একটি স্থানিক পর্যায়ে প্রবেশ করেছে। এটি এখন অন্যান্য মৌসুমী মানব করোনাভাইরাসের সাথে যুক্ত হচ্ছে (বিস্তারিত জানতে Lancaster et al. 2026 লিখিত প্রবন্ধ দেখুন)।
যদিও এটিকে আর বিশ্বব্যাপী জরুরি অবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে না, তথাপি ভাইরাসটি ইনফ্লোয়েঞ্জার মতোই মৌসুমী ও পূর্বাভাসযোগ্য সংক্রমণের বৃদ্ধি ঘটায়। তবে এখন মনোযোগ লং কোভিড এবং এর স্নায়বিক প্রভাবের দিকে সরে গেছে এবং ভাইরাসের দীর্ঘস্থায়ী আধার খুঁজে বের করার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত ঔষধ স্ক্রিনিং করা হচ্ছে।
এইচ৫এন১ এভিয়ান ইনফ্লোয়েঞ্জা
বর্তমানে অত্যন্ত সংক্রামক এভিয়ান ইনফ্লোয়েঞ্জা (HPAI) এ(এইচ৫এন১) পরিস্থিতির বৈশিষ্ট্য হলো স্তন্যপায়ী প্রাণীদের (প্রধানত পশু) সাথে এর উল্লেখযোগ্য, চলমান এবং অনেকের জন্য উদ্বেগজনক অভিযোজন। ফলে জুনোটিক স্পিলওভারের ঝুঁকি বাড়িয়ে তুলছে। যদিও সাধারণ জনগণের জন্য সামগ্রিক ঝুঁকি কম, তথাপি ভাইরাসটি মানব কোষে উন্নত প্রতিলিপি তৈরির ক্ষমতা প্রদর্শন করেছে এর ক্রমাগত বিবর্তন সম্পর্কে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।
এমপক্স (ক্লেড-১)
এমপক্স ক্লেড-১ (পূর্বে কঙ্গো বেসিন ক্লেড নামে পরিচিত ছিল) হলো এমপক্স ভাইরাসের একটি অধিক গুরুতর, ঐতিহাসিকভাবে মধ্য আফ্রিকান রূপ, যা ক্লেড-২ এর তুলনায় অধিক মৃত্যু ঘটায়। এটি এখন পূর্ব/মধ্য আফ্রিকায় ছড়িয়ে পড়ছে এবং বিশ্বব্যাপী এর রোগী শনাক্ত করা হচ্ছে। এর কারণে জ্বর, ফুসকুড়ি এবং লসিকা গ্রন্থি ফুলে যায় এবং দীর্ঘস্থায়ী যৌন সংক্রমণ ঘটে।
হান্টাভাইরাস
ভাইরাল জুনোসিসের প্রেক্ষাপটে হান্টাভাইরাস একটি অনন্য এবং উল্লেখযোগ্য হুমকি। শ্বাসতন্ত্রের ভাইরাসগুলো সহজেই এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়; কিন্তু হান্টাভাইরাস ইঁদুর বাহিত। অর্থাৎ এটি প্রধানত আক্রান্ত ইঁদুর, ছুঁচো এবং ভোল জাতীয় প্রাণীর বর্জ্যের সংস্পর্শে মানুষের দেহে সংক্রমিত হয়।
২০২৬ সালের মে মাসের মাঝামাঝি সময়ে এমভি হনডিয়াস নামক প্রমোদতরীতে বিরল ও গুরুতর হান্টাভাইরাসের প্রাদুর্ভাব নিশ্চিত করা হয়েছে। এতে ১১ জন আক্রান্ত এবং তিনজনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এটিকে বিশ্বব্যাপী স্বল্প-ঝুঁকিপূর্ণ হিসেবে মূল্যায়ন করছে।
জলবায়ু পরিবর্তনের ফলে ইঁদুরের সংখ্যায় যে পরিবর্তন এসেছে, তা হান্টাভাইরাসকে আবারও বিশ্বব্যাপী রোগ নজরদারির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। আমেরিকায় এটি হান্টাভাইরাস পালমোনারি সিন্ড্রোম (HPS) ঘটানোর জন্য পরিচিত। অন্যদিকে ইউরোপ এবং এশিয়ায় এটি সাধারণত হেমোরেজিক ফিভার উইথ রেনাল সিন্ড্রোম (HFRS) ঘটায়।
নোরোভাইরাস
নোরোভাইরাস মূলত নরওয়াক ভাইরাস নামে পরিচিত ছিল। ১৯৬৮ সালে ওহাইওর নরওয়াকের একটি প্রাথমিক বিদ্যালয়ে গ্যাস্ট্রোএন্টেরাইটিসের বড় প্রাদুর্ভাবের পর প্রথম শনাক্ত করা হয়। ওহাইওর সেই বিদ্যালয়ের প্রাদুর্ভাবের পর বিজ্ঞানীরা ১৯৭২ সালে এই রোগ সৃষ্টিকারী জীবাণুটি শনাক্ত করেন এবং নিশ্চিত করেন যে, এটিই ছিল মানুষের মধ্যে গ্যাস্ট্রোএন্টেরাইটিস সৃষ্টিকারী প্রথম জ্ঞাত ভাইরাস।
সম্প্রতি ফ্রান্সের বোর্দো শহরে পরিপাকতন্ত্রের অসুস্থতা হিসেবে নোরোভাইরাসের সম্ভাব্য প্রাদুর্ভাবের কারণে ১,৭০০ জনেরও বেশি যাত্রী ও নাবিককে একটি প্রমোদতরীতে আটকে রাখা হয়। নোরোভাইরাসের লক্ষণগুলো সাধারণত সংক্রমণের ১২ থেকে ৪৮ ঘণ্টা পর দেখা দেয়। হঠাৎ তীব্র বমি বমি ভাব, বমি, ডায়রিয়া এবং পেটে তীব্র খিঁচুনি হলো নোরোভাইরাসের লক্ষণ। বেশিরভাগ মানুষ ১ থেকে ৩ দিনের মধ্যে সুস্থ হয়ে ওঠে। এই সংক্রমণ মারাত্মক পানিশূন্যতার কারণ হতে পারে, বিশেষ করে ছোট ছোট শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল তাদের ক্ষেত্রে।
হাম
প্যারামিক্সোভিরিডি (Paramyxoviridae) গোত্রের হাম ভাইরাস (একক-সূত্রযুক্ত, আবরণী আরএনএ ভাইরাস) দ্বারা সৃষ্ট একটি অত্যন্ত সংক্রামক রোগ। এই ভাইরাসটি শ্বাসতন্ত্রকে সংক্রমিত করে এবং সারা শরীরে ছড়িয়ে পড়ে। ফলে তীব্র জ্বর, কাশি এবং ত্বকে ব্যাপক ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দেয়।
২০২৬ সালে বাংলাদেশ একটি ভয়াবহ হামের প্রাদুর্ভাবের সম্মুখীন হয়েছে। মে মাসের মাঝামাঝি নাগাদ ৫৩,০০০-এর বেশি সন্দেহভাজন রোগী এবং ৪০০-র বেশি মৃত্যু নথিভুক্ত করা হয়েছে। বেশিরভাগ রোগীই পাঁচ বছরের কম বয়সী শিশু। এই আকস্মিক বৃদ্ধি, যা এক দশকের মধ্যে সর্বোচ্চ, দেশব্যাপী জরুরি অবস্থা জারির কারণ হয়েছে এবং ৫৮টিরও বেশি জেলা এতে প্রভাবিত হয়েছে। বর্তমানে জরুরি এমআর টিকা কর্মসূচি (৬-৫৯ মাস) চালু করা হয়েছে।
ভবিষ্যৎ প্রাদুর্ভাব: ডিজিজ এক্স এর দিগন্ত
মহামারী বিশেষজ্ঞ এবং সিন্থেটিক জীববিজ্ঞানীরা বর্তমানে এমন কিছু বিষয় পর্যবেক্ষণ করছেন যা পরবর্তীতে মহামারী বা অতিমারী ঘটাতে পারে। সঠিক সময়ে প্রতিরোধ করা না গেলে নিম্নলিখিত প্রাণঘাতী ভাইরাসের (ছবি নং-২) পুনরুত্থান আধুনিক সমাজে বিপর্যয় সৃষ্টি করতে পারে।
ছবি নং-২: সবচেয়ে ভয়ঙ্কর রোগজীবাণু
প্রাণীবাহিত রোগের বিস্তার
বন্য পরিবেশে মানুষের ক্রমবর্ধমান কার্যকলাপ প্রাণীবাহিত রোগের বিস্তারের একটি প্রধান কারণ। বাদুড়, প্রাইমেট এবং ইঁদুরের মতো প্রাণী থেকে রোগজীবাণু মানুষের দেহে সংক্রমিত হয় এবং ৬০%-এরও বেশি উদীয়মান সংক্রামক রোগের কারণ হয়ে দাঁড়ায়। বন উজাড়, নগরায়ন এবং বন্যপ্রাণীর ব্যবসা মানুষ ও পোষক প্রাণীর মধ্যে ঘনিষ্ঠ সংস্পর্শ তৈরি করে এই ঝুঁকি বাড়িয়ে তোলে, যা ইবোলা, সার্স এবং কোভিড-১৯ এর মতো ভাইরাসের প্রাদুর্ভাবকে সহজতর করে।
জলবায়ু-চালিত স্থানান্তর
জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমবর্ধমান তাপমাত্রা এডিস ইজিপ্টি এবং এডিস অ্যালবোপিকটাস (এশীয় টাইগার মশা) এর মতো রোগবাহকদের ভৌগোলিক পরিসরকে মৌলিকভাবে নতুন রূপ দিচ্ছে। ফলে ডেঙ্গু এবং জিকার মতো রোগকে পূর্বে অপ্রভাবিত অঞ্চলে নিয়ে আসছে। কলম্বিয়া, ইকুয়েডর, পেরু এবং বলিভিয়ার মতো দেশগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০০ মিটারের উপরে বসবাসকারী জনগোষ্ঠীর মধ্যে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাবের খবর দিয়েছে, যা এক অভূতপূর্ব মহামারী সংক্রান্ত পরিবর্তনকে প্রকাশ করে।
কৃত্রিম হুমকি
কৃত্রিম ভাইরাস প্রধানত টিকা উন্নয়ন, চিকিৎসামূলক জিন সরবরাহ এবং গবেষণার জন্য ডিজিটাল সিকোয়েন্স থেকে ভাইরাসের জিনোম সংশ্লেষণ করে তৈরি করা হয়। যদিও এই কৃত্রিম উপাদানগুলো ভাইরাসের গঠন ও কার্যকারিতার উপর সুনির্দিষ্ট নিয়ন্ত্রণ সক্ষম করে (অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সংক্রমণ মোকাবেলার জন্য এআই-নকশাকৃত ব্যাকটেরিওফাজ তৈরিও অন্তর্ভুক্ত) তবুও এগুলো প্রকৌশলগতভাবে পরিবর্তিত ভাইরাসঘটিত রোগজীবাণুর ঝুঁকিও তৈরি করে।
ডিজিজ এক্স
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) একটি অজানা ডিজিজ এক্স এর বিরুদ্ধে প্রস্তুতির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে এবং স্বীকার করেছে যে, ভবিষ্যতে এই ধরনের উচ্চ-ঝুঁকিপূর্ণ জীবাণু থেকে মহামারী দেখা দিতে পারে।
আধুনিক প্রতিরক্ষা কৌশল
ভাইরাসজনিত রোগের বিরুদ্ধে আধুনিক অ্যান্টিভাইরাল কৌশলগুলো প্রচলিত টিকাকরণের বাইরে গিয়ে উন্নত আণবিক প্রযুক্তি, পোষক-লক্ষ্যযুক্ত থেরাপি এবং দ্রুত ও চৌকশ রোগনির্ণয় পদ্ধতিকে অন্তর্ভুক্ত করেছে।
এমআরএনএ প্ল্যাটফর্ম
২০২০ সাল থেকে ভ্যাকসিন তৈরির গতি ১০ গুণ বেড়েছে। এখন আমাদের কাছে প্লাগ-এন্ড-প্লে প্ল্যাটফর্ম রয়েছে, যা ১০০ দিনেরও কম সময়ে একটি নতুন ভাইরাসের জন্য ভ্যাকসিন তৈরি করতে পারে। বিজ্ঞানীরা কেবল নতুন টার্গেট অ্যান্টিজেনের জেনেটিক কোডটি পরিবর্তন করে দেন।
যদিও ১০০ দিনের লক্ষ্যমাত্রাটি একটি উচ্চাভিলাষী বলে মনে হয়; কোভিড-১৯ মহামারী প্রমাণ করেছে যে, প্রায় এক বছরের মধ্যেই টিকা তৈরি করা সম্ভব এবং নতুন ও কম জটিল জীবাণুর জন্য প্রাথমিক পর্যায়ের টিকা এখন মাত্র কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যেই নকশা করা হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা নজরদারি
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং পরিবেশগত ইডিএনএ (eDNA) এর সমন্বয় মহামারীর আগাম সতর্কীকরণ ব্যবস্থায় (EWS) একটি বৈপ্লবিক ও সক্রিয় ক্ষেত্র হিসেবে আবির্ভূত হয়েছে। এই প্রযুক্তি বায়ু, জল এবং মাটিতে রোগজীবাণু ব্যাপক ক্লিনিক্যাল সংক্রমণ ঘটানোর আগেই শনাক্ত করতে সক্ষম। ফরে জটিল পরিস্থিতি মোকাবেলার পদ্ধতিকে প্রতিক্রিয়াশীল থেকে ভবিষ্যদ্বাণীমূলক করে তুলেছে।
উপসংহার
ভাইরাসের সাথে মানবজাতির সম্পর্ক হলো এক চিরস্থায়ী অস্ত্র প্রতিযোগিতা। যদিও গুটিবসন্তের মতো ঐতিহাসিক মহামারী টিকার মাধ্যমে পরাজিত হয়েছে, তথাপি এইচ৫এন১ এর মতো নতুন চ্যালেঞ্জ এবং ডিজিজ এক্স এর সম্ভাবনা আমাদের দুর্বলতার কথা মনে করিয়ে দেয়। বর্তমান প্রেক্ষাপট এটাই তুলে ধরে যে, বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষা এখন আর শুধু প্রতিক্রিয়ার বিষয় নয়, বরং এটি সক্রিয় নজরদারি এবং দ্রুত-প্রতিক্রিয়াশীল প্রযুক্তির ওপর নির্ভরশীল।
বিকেন্দ্রীভূত টিকা উৎপাদনের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত জিনোমিক ট্র্যাকিংকে একীভূত করার মাধ্যমে আমরা ভবিষ্যতের প্রাদুর্ভাবের প্রভাব প্রশমিত করতে পারি। পরিশেষে, আমাদের ভাইরাসের অতীতকে বোঝাই আমাদের জৈবিক ভবিষ্যৎ সুরক্ষিত করার মূল চাবিকাঠি। এটি নিশ্চিত করবে যে, পরবর্তী বড় হুমকিটি একটি বৈশ্বিক বিপর্যয়ে পরিণত হওয়ার আগেই চিহ্নিত ও নিয়ন্ত্রণ করা যায়।