পুরুষ ও নারীর মস্তিষ্কে কী কোন পার্থক্য আছে? কখন এবং কোন অবস্থায় তাদের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়? জিন, বয়স ও হরমোন সব কিছু নিয়ন্ত্রন করছে। সমবয়সী ছেলে-মেয়েদের মধ্যে তুলনায় মেয়েদের মস্তিষ্ক অধিকতর কম বয়স্ক থাকে।
পুরুষ ও নারীর মস্তিষ্কের মধ্যে পার্থক্য শুধু কাঠামোগত গঠনের কারণের জন্যই নয়; বরং এটি জিনগত বৈশিষ্ট্য। হরমোন এবং কোষের বার্ধক্যের এক অবিরাম ও গতিশীল পারস্পরিক ক্রিয়ার দ্বারা চালিত হয়।
বর্তমানে জিনোমিক গবেষণা মস্তিষ্কের গঠন পর্যবেক্ষণের গণ্ডি পেরিয়ে ট্রান্সক্রিপ্টোম—অর্থাৎ প্রতিটি কোষের অভ্যন্তরে জিনের সুনির্দিষ্ট কার্যকলাপ নিয়ে পরীক্ষার দিকে এগিয়ে গেছে।
মস্তিষ্কের বিভিন্ন অংশে জিনের অভিব্যক্তিতে যে তারতম্য দেখা যায় তা জৈবিক লিঙ্গ সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারে না। ৩,০০০-এরও বেশি জিনের মধ্যে অন্তত একটি জিন কর্টিকাল অঞ্চলে লিঙ্গ-সংশ্লিষ্ট ট্রান্সক্রিপশন প্রদর্শন করে এবং ১৩৩টি জিনের প্রভাব মস্তিষ্কের বিভিন্ন অঞ্চল ও কোষের ধরন অনুযায়ি পরিলক্ষিত হয়।
পুরুষ ও মহিলার মস্তিষ্কের কাঠামো ও কার্যপ্রনালী কিভাবে জীবনকে নিয়ন্ত্রন করে এবং কেমন করে ড্রাগের প্রতি স্পর্শকাতরতা প্রদর্শন করে তা বর্তমান প্রবন্ধে আলোচনা কর হলো।
জিনের কার্যকলাপে কেন পার্থক্য হয়?
হাজার হাজার জিন মস্তিষ্কের কর্টেক্সের বিভিন্ন অঞ্চল এবং কোষের প্রকারভেদে লিঙ্গ-ভিত্তিক অভিব্যক্তি প্রদর্শন করে। এগুলি প্রায়শই হরমোন সংকেত এবং X/Y ক্রোমোজোমের অভিব্যক্তির সাথে সম্পর্কিত।
যদিও সামগ্রিকভাবে মস্তিষ্কের জিনের প্রকাশ মূলত একই রকম, তথাপি আণবিক পর্যায়ের পার্থক্যগুলো জীবনভর অপরিবর্তিত থাকে এবং স্নায়ু বিকাশজনিত ও মানসিক ব্যাধিতে যৌন দ্বিরূপতার সাথে সম্পর্কিত।
মস্তিষ্কের প্রতিটি কোষে একই ডিএনএ আছে; কিন্তু পুরুষ ও স্ত্রী কোষগুলো সেই ডিএনএ ভিন্নভাবে পাঠ করে। একই অঙ্গে কত রূপ!
মানব মস্তিষ্কে লিঙ্গভিত্তিক পার্থক্য (সংগৃহীত)
এক্স-ওয়াই ফ্যাক্টর
এক্স-ওয়াই ফ্যাক্টর বা সেক্স-ক্রোমোজোমের মাত্রার প্রভাব মূলত নারীদের ক্ষেত্রে Y ক্রোমোজোম এবং নিষ্ক্রিয় X ক্রোমোজোম (Xi) দ্বারা চালিত হয়। এটি হোমোলোগাস ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, ZFX (এক্স-লিঙ্কড) এবং ZFY (ওয়াই-লিঙ্কড) এর মাধ্যমে অটোসোমাল অভিব্যক্তিকে নিয়ন্ত্রণ করে।
মাত্রার প্রভাব নিয়ন্ত্রণের জন্য নারীরা প্রতিটি কোষের তাদের দুটি X ক্রোমোজোমের (Xi) একটিকে নিষ্ক্রিয় করে ব্যার বডি (Barr body) গঠন করে। এটি X-লিঙ্কড জিনের প্রকাশকে পুরুষদের সমতুল্য স্তরে কমিয়ে দেয়। পুরুষদের ক্ষেত্রে একটি Xa (সক্রিয়) এবং একটি Y ক্রোমোজোম থাকে।
X-নিষ্ক্রিয়করণ নিশ্চিত করে যে, পুরুষ (XY) এবং মহিলা (XX) উভয়েরই কেবল একটি সক্রিয় X ক্রোমোজোম থাকে। ফলে X-লিঙ্কড জিনগুলির ভারসাম্যপূর্ণ প্রকাশ বজায় রাখে।
এপিজেনেটিক চিহ্ন
গবেষণায় প্রমাণিত হয়েছে যে, পুরুষ ও নারীর মস্তিষ্কের কোষে স্বতন্ত্র রাসায়নিক চিহ্ন, বিশেষত ডিএনএ মিথাইলেশন ঘটে। এটি জিনের কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য এপিজেনেটিক সুইচ হিসেবে কাজ করে।
মিথাইল চিহ্নগুলো সাধারণত একটি ভলিউম নবের মতো কাজ করে। অর্থাৎ মিথাইলেশন বাড়লে তা জিনের কার্যকলাপকে দমন করে (মানে কমিয়ে দেয়) এবং মিথাইলেশন কমলে (হাইপোমিথাইলেশন) বা ডিমিথাইলেশন জিনগুলোকে আরো সক্রিয় হতে সাহায্য করে (কার্যক্রম বাড়িয়ে দেয়)।
মাইক্রোগ্লিয়া ও রোগ প্রতিরোধ ক্ষমতা
পুরুষ ও মহিলার মাইক্রোগ্লিয়া (মস্তিষ্কের রোগ প্রতিরোধকারী কোষ) স্বতন্ত্র জিন অভিব্যক্তি প্রদর্শন করে। পুরুষ মাইক্রোগ্লিয়া জীবনের প্রথম দিকে প্রদাহের জন্য বেশি প্রস্তুত থাকে; অপরদিকে মহিলা মাইক্রোগ্লিয়া জীবনের পরবর্তী পর্যায়ে অধিক কার্যকলাপ প্রদর্শন করে।
রোগের বিকাশে ভিন্নতার কারণ
এক্স-ক্রোমোজোম নিষ্ক্রিয়করণের ভিন্নতা এবং পুরুষদের সক্রিয় ওয়াই ক্রোমোজোম রোগের প্রকোপ এবং তীব্রতার ক্ষেত্রে লিঙ্গগত প্রভাব বিস্তার করে। উদাহরনস্বরূপ- মহিলাদের অটোইমিউনিটি এবং পুরুষদের কার্ডিওভাসকুলার রোগ।
অধিকাংশ লিঙ্গ-সম্পর্কিত বৈচিত্র্য অটোসোমাল জিনগুলিতে ঘটে, যা যৌন ক্রোমোজোমের সাথে সম্পর্কিত নয়। বরং প্রধানত যৌন স্টেরয়েড হরমোন দ্বারা চালিত হয়। লিঙ্গ-সংশ্লিষ্ট অভিব্যক্তি প্রদর্শনকারী এই জিনগুলির মধ্যে অনেকগুলির বৈশিষ্ট্য নিউরোসাইকিয়াট্রিক এবং নিউরোডিজেনারেটিভ (যেমন ADHD, সিজোফ্রেনিয়া, বিষণ্ণতা এবং আলঝেইমার) রোগের সাথে সম্পর্কিত জেনেটিক ভ্যারিয়েন্টগুলির সাথে মিলে যায়।
কয়েকটি রোগ নারী-পুরুষে কিভাবে সম্পর্কিত তা নীচের সারণীতে দেখানো হলো-
হরমোন কিভাবে জিন সক্রিয় করে
হরমোন মানবদেহে জিন সক্রিয় করে মূলত রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করার মাধ্যমে। হরমোন একটি নির্দিষ্ট রিসেপ্টরের সাথে যুক্ত হয়। এই রিসেপ্টরগুলো ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করে জিনকে চালু বা বন্ধ করে।
এই প্রক্রিয়াটি প্রধানত স্টেরয়েড এবং থাইরয়েড হরমোন দ্বারা সম্পন্ন হয়, যা সরাসরি অথবা পেপটাইড হরমোনের মাধ্যমে পরোক্ষভাবে টার্গেট কোষে প্রবেশ করে সিগন্যালিং ক্যাসকেড শুরু করে।
সরাসরি জিন সক্রিয়করণ (স্টেরয়েড এবং থাইরয়েড হরমোন)
লিপিড-দ্রবণীয় হরমোন (যেমন, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, কর্টিসল, প্রোজেস্টেরন) সরাসরি নির্দিষ্ট কোষের প্লাজমা মেমব্রেন ভেদ করে প্রবেশ করে। বেশ কিছু সিকেোয়েন্সের পর সম্পূর্ণ কাজটি সমাধা হয়। যেমন-
রিসেপ্টর বন্ধন: কোষের অভ্যন্তরে প্রবেশ করার পর হরমোনটি সাইটোপ্লাজম বা নিউক্লিয়াসে অবস্থিত একটি অন্তঃকোষীয় রিসেপ্টরের সাথে আবদ্ধ হয়।
হরমোন-রিসেপ্টর কমপ্লেক্স: যখন একটি নির্দিষ্ট হরমোন তার সংশ্লিষ্ট রিসেপ্টর প্রোটিনের সাথে আবদ্ধ হয়, তখন একটি হরমোন-রিসেপ্টর কমপ্লেক্স গঠিত হয়। এই কমপ্লেক্সটি কোষীয় পরিবর্তন শুরু করার জন্য একটি আণবিক সুইচ হিসেবে কাজ করে।
নিউক্লিয়ার ট্রান্সলোকেশন: নিউক্লিয়ার ট্রান্সলোকেশন হলো আন্তঃকোষীয় হরমোন রিসেপ্টর, বিশেষ করে টাইপ-১ রিসেপ্টর (যেমন অ্যান্ড্রোজেন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং গ্লূকোকর্টিকয়েড রিসেপ্টর) এর ক্রিয়াকলাপের একটি মূল প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় সক্রিয় হরমোন-রিসেপ্টর কমপ্লেক্সটি একটি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করার জন্য সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে চলে যায়।
ডিএনএ-এর সাথে বন্ধন: এ ক্ষেত্রে কমপ্লেক্সটি টার্গেট জিনের প্রোমোটার অঞ্চলে অবস্থিত Hormone Response Elements (HREs) নামে পরিচিত ডিএনএ-এর নির্দিষ্ট সিকোয়েন্সের সাথে আবদ্ধ হয়ে তাদের প্রকাশকে প্রভাবিত করে।
ট্রান্সক্রিপশন নিয়ন্ত্রণ: লিগ্যান্ড-সক্রিয় হরমোন রিসেপ্টর কমপ্লেক্স (যেমন স্টেরয়েড হরমোন রিসেপ্টর কমপ্লেক্স) একটি ট্রান্সক্রিপশন ফ্যাক্টর হিসেবে কাজ করে, যা মেসেঞ্জার আরএনএ (mRNA)-তে জিনের ট্রান্সক্রিপশন শুরু বা বন্ধ করার জন্য কো-অ্যাক্টিভেটর বা কো-রিপ্রেসর নিয়োগ করে।
প্রোটিন সংশ্লেষণ: mRNA সাইটোপ্লাজমে ঢোকে এবং একটি নতুন প্রোটিনে (এনজাইম বা গাঠনিক প্রোটিন) পরিনত হয়। নতুন তৈরি এই প্রেটিন কোষের গঠন বা কার্যকারিতা পরিবর্তন করে।
পরোক্ষ জিন সক্রিয়করণ (পেপটাইড ও পানিতে দ্রবণীয় হরমোন)
পানিতে দ্রবণীয় হরমোন (যেমন, ইনসুলিন, অ্যাড্রেনালিন, গ্রোথ হরমোন) কোষ ঝিল্লির লিপিড দ্বিস্তর ভেদ করতে পারে না। তাই জিন প্রকাশের জন্য এরা পরোক্ষ পদ্ধতি অনুসরণ করে।
ঝিল্লি বন্ধন: এরা কোষ ঝিল্লির পৃষ্ঠে অবস্থিত রিসেপ্টরগুলির সাথে আবদ্ধ হয়।
দ্বিতীয় বার্তাবাহক ব্যবস্থা: এই বন্ধন আন্তঃকোষীয় সংকেত পথগুলিকে সক্রিয় করে। যেমন- cAMP (cyclic AMP) দ্বিতীয় বার্তাবাহক ব্যবস্থা, যা কোষের অভ্যন্তরে একটি দ্বিতীয় বার্তাবাহক হিসেবে কাজ করে।
সংকেত ক্যাসকেড: সেকেন্ড মেসেঞ্জার একটি ফসফোরাইলেশন ক্যাসকেড শুরু করে, যা প্রোটিন কাইনেজকে সক্রিয় করে।
জিন সক্রিয়করণ: এই কাইনেজগুলো নিউক্লিয়াসে আগে থেকেই উপস্থিত ট্রান্সক্রিপশন ফ্যাক্টরগুলোকে সক্রিয় করে, যা পরবর্তীতে ডিএনএ-এর সাথে যুক্ত হয়ে পরোক্ষভাবে জিন এক্সপ্রেশন নিয়ন্ত্রণ করে।
মস্তিষ্কের বার্ধক্য এবং ৬৪-জিন ঘড়ি
ট্রান্সক্রিপটোমিক ঘড়ি হলো এমন একটি মেশিন-লার্নিং মডেল যা কোষ, কলা বা মস্তিষ্কের কালানুক্রমিক বয়সের পরিবর্তে তাদের জৈবিক বয়স সম্পর্কে ভবিষ্যদ্বাণী করার জন্য ৬৪ জিনের এক্সপ্রেশন তথ্য (আরএনএ স্তর) ব্যবহার করে।
এই ঘড়িগুলোকে কখনো কখনো BiT age বা RNAAgeCalc বলা হয়। এরা সময়ের সাথে পরিবর্তিত হওয়া নির্দিষ্ট RNA এর বৈশিষ্ট্য শনাক্ত করে টিস্যুর স্বাস্থ্য নিরূপণ, আয়ুষ্কাল পূর্বাভাস এবং বার্ধক্য-বিরোধী হস্তক্ষেপের মূল্যায়ন করে।
বার্ধক্যের হার
সাম্প্রতিক গবেষণা এই ধারণাকে সমর্থন করে যে, মস্তিষ্ক একটি স্থির গতিতে বার্ধক্যপ্রাপ্ত হয় না, বরং হঠাৎ করে অতি দ্রুত বার্ধক্যের বিভিন্ন পর্যায় অনুভব করে, বিশেষ করে চল্লিশের দশকের মাঝামাঝি এবং আবার ষাটের দশকের শুরুতে।
এই দ্রুত বার্ধক্যের পর্যায়গুলোতে উল্লেখযোগ্য কাঠামোগত এবং আণবিক পরিবর্তন ঘটে, বিশেষ করে প্রিফ্রন্টাল কর্টেক্স এই বয়সজনিত অবক্ষয়ের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মধ্যে একটি।
মস্কিষ্ক বুড়ো হতে লিঙ্গগত পার্থক্য
সাম্প্রতিক গবেষণা, বিশেষ করে সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষণা থেকে জানা যায় যে, সমবয়সী পুরুষ ও নারীদের মধ্যে তুলনায় নারীদের মস্তিষ্ক বিপাকীয়ভাবে নবীনতর।
পিইটি স্ক্যান ব্যবহার করে ১২১ জন মহিলা এবং ৮৪ জন পুরুষের (বয়স ২০-৮২) অক্সিজেন ও গ্লূকোজ গ্রহণ পরিমাপ করে গবেষকরা দেখেছেন যে, বিপাকীয়ভাবে মহিলাদের মস্তিষ্ককের বয়স তাদের প্রকৃত বয়সের চেয়ে প্রায় ৩.৮ বছর কম। অন্যদিকে পুরুষদের মস্তিষ্ককের বয়স তাদের প্রকৃত বয়সের চেয়ে ২.৪ বছর বেশি।
বয়ঃসন্ধিকালে কেন নারী-পুরুষের মস্তিষ্কের পার্থক্যগুলো স্পষ্ট হয়?
বয়ঃসন্ধিকালের আগে পুরুষ ও নারীর মস্তিষ্ক লক্ষণীয়ভাবে একই রকম থাকে। তবে পার্থক্য ঘটে বয়ঃসন্ধিকালে। বয়ঃসন্ধিকাল মূলত লিঙ্গ-নির্দিষ্ট হরমোনের নিঃসরন এর জন্য দায়ী।
পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন এবং নারীদের ক্ষেত্রে ইস্ট্রোজেন/প্রোজেস্টেরন প্রবাহ বৃদ্ধির মাধ্যমে পুরুষ ও নারীর মস্তিষ্কের পার্থক্যকে প্রকট করে তোলে। এই হরমোনগুলো নিউরাল সার্কিট্রিকে পুনর্গঠন করে, কর্টেক্সের পরিপক্কতাকে প্রভাবিত করে এবং মস্তিষ্কের রক্ত প্রবাহকে ভিন্নভাবে পরিবর্তন করে।
নারী-পুরুষের মস্তিষ্কের পার্থক্যের কারণগুলো হলো:
হরমোনজনিত দ্বিতীয় তরঙ্গ
যদিও প্রসবপূর্ব হরমোনের আকস্মিক বৃদ্ধি প্রাথমিকভাবে মস্তিষ্কের পার্থক্য তৈরি করে, তথাপি বয়ঃসন্ধিকালে নিঃসৃত হরমোনের বন্যা শক্তিশালীভাবে কাজ করে স্থায়ী যৌন পার্থক্য ঘটাতে সাহায্য করে। বয়ঃসন্ধিকাল এবং প্রাপ্তবয়স্ক অবস্থায় ইস্ট্রোজেনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরিপক্কতার হারে পার্থক্য
বয়ঃসন্ধিকালে পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে কর্টেক্সের পুরুত্ব এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের পরিবর্তনের হার ভিন্ন রকমের হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে যে, পুরুষদের তুলনায় মহিলাদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালীন পৃষ্ঠতলের ক্ষেত্রফলের বিকাশ/পরিবর্তন জোরালোভাবে জড়িত।
কাঠামোগত পুনর্গঠন
মস্তিষ্কের রোগ প্রতিরোধ ব্যবস্থা, বিশেষত মাইক্রোগ্লিয়া, বয়ঃসন্ধিকালীন স্টেরয়েডের প্রভাবে সক্রিয় হয়ে নতুন নিউরাল সার্কিট্রি গঠন করে। প্রতিটি লিঙ্গের বৈশিষ্ট মস্তিষ্কের এই গঠনকে ভিন্নভাবে প্রভাবিত করে।
প্রিঅপটিক অঞ্চলে পুরুষদের মধ্যে সক্রিয় অঙ্গসংস্থান সম্পন্ন অধিক সংখ্যক মাইক্রোগ্লিয়া থাকে, যারা কোষদেহের আকার বৃদ্ধি এবং প্রক্রিয়ার দৈর্ঘ্য কমানো ও শাখা-প্রশাখায় বিভক্ত হওয়া হ্রাস করে।
মস্তিষ্কের কার্যকলাপে পরিবর্তন
গবেষণায় দেখা গেছে যে, বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মস্তিষ্কের রক্ত প্রবাহের (CBF) ধরণ উল্লেখযোগ্যভাবে ভিন্নতর হয়ে যায়। শৈশবের একই রকম হ্রাস থেকে এটি স্বতন্ত্র গতিপথে পরিবর্তিত হওয়ার কারণে আচরণগত এবং মানসিক স্বাস্থ্যে পার্থক্য পরিলক্ষিত হয়।
বয়ঃসন্ধিকালে CBF-এর প্রবণতাগুলো হলো:
মেয়েদের ক্ষেত্রে: মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অঞ্চলে CBF-এর মাত্রা বাড়তে বা স্থিতিশীল হতে থাকে।
ছেলেদের ক্ষেত্রে: CBF-এর মাত্রা কমতে থাকে, বিশেষ করে হেটেরোমোডাল অ্যাসোসিয়েশন কর্টেক্সে।
কাঠামোগত পরিবর্তন এবং মানসিক স্বাস্থ্য
কৈশোরকালে মস্তিষ্কের গঠন ও পরিপক্কতার পরিবর্তন ত্বরান্বিত বা ভারসাম্যহীন হয়ে মেয়েদের মধ্যে বিষণ্ণতা এবং উদ্বেগজনিত রোগের প্রকোপের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। বয়ঃসন্ধিকাল হলো স্নায়বিক, সামাজিক এবং হরমোনগত পরিবর্তনের এক সমন্বিত প্রক্রিয়া শুরু করে, যা অন্তর্মুখী ব্যাধির প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি এবং ঝুঁকি বাড়িয়ে তোলে।
অনুদৈর্ঘ্য গবেষণা
পাবমেড সেন্ট্রাল (পিএমসি) কর্তৃক কিশোর-কিশোরীদের মস্তিষ্কের উপর পরিচালিত গবেষণা (এবিসিডি স্টাডি) থেকে দেখা যায় যে, বয়ঃসন্ধিকালীন অবস্থা মস্তিষ্কের পরিপক্কতার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক এবং এই সম্পর্কগুলো লিঙ্গভেদে ভিন্নতর হয়।
স্নায়ু নমনীয়তা এবং লিঙ্গ-ভিত্তিক অভিজ্ঞতা
বয়ঃসন্ধিকাল মস্তিষ্কের নমনীয়তা পুনর্গঠনের সুযোগ করে দেয়। হরমোনের পরিবর্তন, সামাজিক পরিবেশ এবং প্রায়শই লিঙ্গ-পক্ষপাতদুষ্ট অভিজ্ঞতার দ্বারা এটি প্রভাবিত হয়।
নতুন ঔষধ উদ্ভাবনের সম্ভাবনা
প্রচলিত ব্যবস্থায় সবার জন্য একই চিকিৎসা মডেল, যা বৃহৎ জনগোষ্ঠীর জন্য প্রমিত চিকিৎসা হিসাবে বিবেচনা করা হয়, তা এখন ব্যক্তি কেন্দ্রিক বা নির্ভুল চিকিৎসা দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। এই পরিবর্তনটি প্রযুক্তি, জিনতত্ত্ব এবং ডেটা অ্যানালিটিক্সের অগ্রগতির দ্বারা চালিত হচ্ছে।
লিঙ্গ-ভিত্তিক ফার্মাকোলজি
লিঙ্গ-ভিত্তিক ফার্মাকোলজিতে পরীক্ষা করা হয় যে, জৈবিক লিঙ্গ কীভাবে ওষুধের প্রতিক্রিয়াকে প্রভাবিত করে। বিপাক, শারীরিক গঠন এবং হরমোনগত পার্থক্যের কারণে নারীদের প্রায়শই ওষুধের বিরূপ প্রতিক্রিয়ার (ADRs) ঝুঁকি বেশি থাকে।
ঝুঁকির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে নারীদের পাকস্থলী থেকে খাদ্যের নিষ্কাশনে ধীরগতি, শরীরে চর্বির পরিমাণ বেশি থাকা এবং গ্লোমেরুলার পরিস্রাবণের হার কম থাকা। ফলে রক্তরসে ওষুধের ঘনত্ব সম্ভাব্যভাবে বেড়ে যায়। ওষুধের সুরক্ষার জন্য এই পার্থক্যগুলো শনাক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার জন্য প্রায়শই লিঙ্গ-ভিত্তিক ডোজ নির্ধারণের প্রয়োজন হয়।
ফ্রন্টিয়ার্স ইন ফার্মাকোলজি জার্নালে প্রকাশিত একটি সাম্প্রতিক প্রবন্ধে অ্যাপ্রেমিলাস্ট (Apremilast), ক্রিসাবোরোল (Crisaborole) এবং রফ্লোমিলাস্টের (Roflumilast) প্রতিক্রিয়ার ধরনে লিঙ্গ-ভিত্তিক সুস্পষ্ট অসামঞ্জস্যতা দেখানো হয়েছে। উদাহরণস্বরূপ, পুরুষদের তুলনায় নারীদের ক্ষেত্রে অ্যাপ্রেমিলাস্টের প্রভাবে মাথা ঘোরা এবং বুক ধড়ফড় করার প্রবণতা বেশি দেখা গেছে।
হরমোন-নিয়ন্ত্রিত চিকিৎসা
হরমোন-নিয়ন্ত্রিত চিকিৎসা হলো টিউমারের বৃদ্ধি রোধ করার জন্য হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ করে বিভিন্ন রোগের (বিশেষত হরমোন-রিসেপ্টর-পজিটিভ স্তন ও প্রোস্টেট ক্যান্সারের) চিকিৎসা করা। এই পদ্ধতিতে হরমোনকে ব্লক করা, যোগ করা বা অপসারণ করার মাধ্যমে চিকিৎসা করা হয়। এটি মেনোপজের তীব্র উপসর্গগুলো নিয়ন্ত্রণেও ব্যবহৃত হয় এবং কিছু রোগীর ক্ষেত্রে ডিমেনশিয়ার ঝুঁকি কমাতে আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে।
হরমোন-নিয়ন্ত্রিত চিকিৎসায় সাম্প্রতিক যুগান্তকারী অগ্রগতিগুলোর মধ্যে রয়েছে ব্ল্যাক বক্স সতর্কীকরণ অপসারণ, পরবর্তী প্রজন্মের ক্যান্সার ওষুধের প্রবর্তন এবং শরীর-সদৃশ হরমোনের দিকে ঝোঁক। অধিকন্তু, এফডিএ মাঝারি থেকে গুরুতর হট ফ্ল্যাশের জন্য নতুন ধরনের হরমোন-বিহীন চিকিৎসা (যেমন ফেজোলিনেট্যান্ট) অনুমোদন করেছে। যারা হরমোন থেরাপি ব্যবহার করতে পারেন না সেইসব নারীদের জন্য এটি একটি বিকল্প ব্যবস্থা।
এআই-টার্গেটিং
এআই-চালিত জিন এক্সপ্রেশন সিগনেচারের স্ক্রিনিং করার জন্য মাল্টি-ওমিক্স ডেটা প্যানেল ব্যবহার করা হচ্ছে। উপসর্গহীন রোগীদের শনাক্ত করতে এবং নিউরোপ্রোটেক্টিভ ওষুধের প্রতি তাদের প্রতিক্রিয়ার পূর্বাভাস দিতে এটি খুবই গুরুত্বপূর্ণ।
ক্লিনিক্যাল উপসর্গ দেখা দেওয়ার আগেই এই সিগনেচারগুলো বিশ্লেষণ করে এআই নির্ধারণ করতে সাহায্য করে কোন ধরনের ব্যক্তিরা একটি নির্দিষ্ট থেরাপি থেকে উপকৃত হবেন। ফলে রোগের পূর্ণ বিকাশ হওয়ার আগেই ব্যবস্থা নেয়া যায়।
উপসংহার
বর্তমানে প্রিসিশন নিউরোলজি এর দিকে এই পরিবর্তনটি স্বীকার করে যে, মস্তিষ্কের স্বাস্থ্যের ক্ষেত্রে জৈবিক লিঙ্গ একটি মৌলিক চলরাশি। বিজ্ঞানীরা এখন বুঝতে পারেন ইস্ট্রোজেন কিভাবে ডোপামিনার্জিক নিউরনকে কোষীয় বার্ধক্যের ৬৪-জিনের প্রভাব থেকে রক্ষা করে। এটি থেকে তারা আরো বুঝতে পারেন যে, একজন নারীর মস্তিষ্ক এবং একজন পুরুষের মস্তিষ্ক ভিন্ন ভিন্ন আণবিক পথ ধরে তাদের জীবনকাল অতিবাহিত করে।
এর মাধ্যমেই ব্যাখ্যা করা যায় কেন সিজোফ্রেনিয়া একজন তরুণকে তীব্রভাবে আক্রান্ত করতে পারে, অথবা কেন পারকিনসন্স রোগের অগ্রগতি লিঙ্গভেদে ভিন্নতর হয়। পুরুষ-কেন্দ্রিক চিকিৎসা পদ্ধতি থেকে সরে আসার মাধ্যমে ডাক্তারগণ আরো কার্যকর ও স্বতন্ত্র ঔষধভিত্তিক চিকিৎসার পথ উন্মোচন করতে পারেন।
পরিশেষে, নারী-পুরষের ভিন্নতাগুলোকে স্বীকার করলে ডাক্তারদের মাঝে বিভেদ সৃষ্টি হবে না; বরং এটি তাদেরকে প্রতিটি মস্তিষ্কের স্বতন্ত্র জৈবিক যাত্রাকে সম্মান জানিয়ে সুনির্দিষ্ট সেবা প্রদানে সক্ষম করে তোলবে।