অটোইমিউন রোগের ধারণাটি জৈবিক ভুল পরিচয়ের এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। সুস্থ অবস্থায় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা হলো একটি অত্যাধুনিক নজরদারি নেটওয়ার্ক, যা নিজের এবং বাইরের সত্তার মধ্যে পার্থক্য নির্ণয় করার জন্য ব্যবহৃত হয়। এটি নিজের টিস্যুগুলোকে অক্ষত রেখে ক্ষতিকর জীবাণুদের আক্রমণ করার মাধ্যমে শরীরকে রক্ষা করে।
তবে অটোইমিউন রোগে এই সীমারেখাটি ভেঙে যায় এবং রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত সুস্থ কোষ, টিসুসমূহ বা অঙ্গসমূহকে লক্ষ্যবস্তু বানায়। এই ভুল প্রতিক্রিয়ার ফলে দীর্ঘস্থায়ী প্রদাহ, টিসুর ক্ষতি এবং আক্রান্ত স্থানের ওপর নির্ভর করে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
অটোইমিউন রোগ সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ; কারণ প্রাথমিক রোগ নির্ণয় এবং সঠিক ব্যবস্থাপনা জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে। এছাড়াও সচেতনতা রোগের লক্ষণগুলো দ্রুত শনাক্ত করতে, সময়মতো চিকিৎসা নিতে এবং এই জটিল অবস্থাগুলো সম্পর্কে ভুল ধারণা কমাতে সাহায্য করে।
ত্রি-খণ্ডিত গঠনযুক্ত অ্যান্টিবডি যখন কোন ব্যক্তির নিজস্ব টিসুকে আক্রমণ করে তখন অটোইমিউন রোগ হতে পারে (নেচার ২০২৬)
অটোইমিউন রোগ কীভাবে আমাদের ক্ষতি করে
এই ক্ষতি দীর্ঘস্থায়ী প্রদাহ এবং টিস্যু ধ্বংসের মাধ্যমে ঘটে থাকে। যখন রোগ প্রতিরোধ ব্যবস্থা সুস্থ কোষকে ভুলবশত রোগজীবাণু হিসেবে চিহ্নিত করে, তখন সেগুলোকে আক্রমণ করার জন্য টি-সেল এবং অ্যান্টিবডি প্রয়োগ করে।
সুনির্দিষ্ট ধ্বংস
টাইপ ১ ডায়াবেটিসের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ব্যবস্থা অগ্ন্যাশয়ের ইনসুলিন উৎপাদনকারী বিটা কোষগুলোকে ধ্বংস করে দেয়। এর ফলে আজীবন বাইরের ইনসুলিনের উপর নির্ভরশীলতা এবং গুরুতর স্বাস্থ্য জটিলতা দেখা দেয়। মাল্টিপল স্কেলোরোসিস (এমএস) এর বেলায় এটি স্নায়ুতন্তু রক্ষাকারী মায়েলিন আবরণকে আক্রমণ করে। মায়েলিন আবরণের ক্ষতি হলে স্নায়ু যে সকল সংকেত পাঠায় তা চলাচলে বিঘ্ন ঘটে। ফলে দেখতে সমস্যা, অনভূত না হওয়া এবং নড়াচড়ার মতো কাজ সম্পাদনে সমস্যা হয়।
সিস্টেমিক ক্ষতি
সিস্টেমিক অটোইমিউন রোগ যেমন- সিস্টেমিক লুপাস ইরিথেমাটোসাস (SLE) এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস (RA) রোগগুলো শরীরের প্রায় যেকোনো অংশকে প্রভাবিত করতে পারে। ফলে অস্থিসন্ধি, কিডনি, হৃৎপিণ্ড, ফুসফুস, ত্বক, স্নায়ুতন্ত্র এবং রক্তের ব্যাপক ক্ষতি করতে পারে। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এই ক্ষতিগুলো ঘটে থাকে। যেমন- ইমিউন কমপ্লেক্স ডিপোজিশন, সিস্টেমিক ভাস্কুলাইটিস, সাইটোকাইন স্টর্ম বা হাইপারসাইটোকাইনেমিয়া এবং নির্দিষ্ট কোষের উপর অটোঅ্যান্টিবডির আক্রমণ।
অজানা ক্লান্তি
শারীরিক যন্ত্রণা ছাড়াও শরীরের অভ্যন্তরীণ অবিরাম সংগ্রামের কারণে প্রচুর পরিমাণ বিপাকীয় শক্তি খরচ হয়। ফলে গভীর ও ভীষণ ক্লান্তি দেখা দেয়। এটি সাধারণ কোনো অবসাদ নয় যা বিশ্রাম নিলেই দূর হয়ে যায়: বরং এটি অস্থিমজ্জার গভীরে প্রোথিত এক সার্বিক অবসাদ। চিকিৎসা গবেষকরা এখন এটিকে সার্বিক প্রদাহের একটি মূল বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেছেন।
অটোইমিউন রোগ কীভাবে নিয়ন্ত্রণ করা হয়
ঐতিহাসিকভাবে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দমন করার জন্য স্টেরয়েডের মতো কঠোর পদ্ধতি ব্যবহার করা হয়। তবে এখন সূক্ষ্ম পদ্ধতি ব্যবহার করা হয়।
ইঞ্জিনিয়ার্ড প্রোটিন
ইঞ্জিনিয়ার্ড প্রোটিনের ব্যবহার অটোইমিউন রোগের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। উদাহরনস্বরূপ, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর (TNF)-আলফা (TNF-α) ইনহিবিটর-এর মতো বায়োলজিক থেরাপিগুলো ইমিউনোসাপ্রেশনের পরিবর্তে সুনির্দিষ্টভাবে মূল প্রদাহজনক সংকেতগুলোকে লক্ষ্য করে ব্যবহার করা হচ্ছে। ফলে অটোইমিউন রোগের চিকিৎসায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই থেরাপিউটিক এজেন্টগুলো (যার মধ্যে মনোক্লোনাল অ্যান্টিবডি এবং ফিউশন প্রোটিন অন্তর্ভুক্ত) নির্দিষ্ট সাইটোকাইনকে (রাসায়নিক বার্তাবাহক) নিষ্ক্রিয় বা ইমিউন কোষগুলোকে ব্লক করতে ডিজাইন করা হয়েছে। এটি প্রদাহের স্ব-প্রসারিত চক্রকে প্রতিরোধ করে।
খাদ্যতালিকায় পরিবর্তন
অন্ত্র-ফুসফুস-মস্তিষ্ক অক্ষ নিয়ে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে, একটি বৈচিত্র্যময় মাইক্রোবায়োম বজায় রাখা রোগ প্রতিরোধকারী কোষগুলোকে কম প্রতিক্রিয়াশীল হতে প্রশিক্ষণ দিতে পারে। সুপারফুড এক্ষেত্রে সহায়ক।
প্রদাহ-বিরোধী সুপারফুড
সুপারফুড শব্দটি একটি বিপণনমূলক চটকদার শব্দ থেকে বিবর্তিত হয়ে বায়োঅ্যাকটিভ নিউট্রাসিউটিক্যালস নামে একটি চিকিৎসাগত শ্রেণীতে পরিণত হয়েছে। এই খাবারগুলো শুধু ভিটামিনসমূহ সরবরাহ করে না; এগুলিতে এমন নির্দিষ্ট যৌগ থাকে যা প্রদাহের আণবিক সংকেত প্রদানের পথ, যেমন NF-kB এবং CRP (সি-রিঅ্যাকটিভ প্রোটিন)-কে ব্যাহত করে। বর্তমানে সুপারিশকৃত প্রদাহ-বিরোধী সুপারফুডের নাম নীচে উল্লেখ করা হলো।
- চর্বিযুক্ত মাছ (EPA/DHA, রেজোলিউশন ফেজ): বুনো স্যামন, ম্যাকেরেল, সার্ডিন এবং অ্যাঙ্কোভিস।
- হলুদ + গোলমরিচ: কারকিউমিন - NF-kB ব্লকার
- বেরি জাতীয় ফল (অ্যান্থোসায়ানিন - ডিএনএ রক্ষাকারী): ব্লো বেরি, ব্ল্যাকবেরি, রাস্পবেরি এবং স্ট্রবেরি।
- ক্রূসিফেরাস সবজি (সালফোরাফেন - Nrf2 অ্যাক্টিভেটর): ব্রোকলি স্প্রাউট, কেল এবং ফুলকপি।
- এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল: প্রাকৃতিক আইবুপ্রোফেন)
জীবনশৈলী স্থিতিশীলকরণ
যেহেতু মানসিক চাপ কর্টিসল নিঃসরণের মাধ্যমে রোগের প্রকোপ বাড়িয়ে তোলে (যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ব্যাহত করে), তাই মাইন্ডফুলনেস এবং সার্কাডিয়ান রিদম বা দেহঘড়ির সামঞ্জস্য বিধান চিকিৎসাক্ষেত্রে একটি আদর্শ সুপারিশ।
বর্তমান অগ্রগতির নতুন দিগন্ত
রোগের লক্ষণ ব্যবস্থাপনা থেকে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে পুনঃপ্রশিক্ষণ দেওয়ার দিকে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।
অটোইমিউনিটির জন্য CAR-T থেরাপি
কাইমেরিক অ্যান্টিজেন রিসেপ্টর (CAR)-T কোষগুলোকে এখন ক্ষতিকর অটোঅ্যান্টিবডি উৎপাদনকারী নির্দিষ্ট বি-কোষগুলোকে খুঁজে বের করে ধ্বংস করার জন্য পুনঃপ্রোগ্রাম করা হচ্ছে। ২০২৫/২০২৬ সালের শুরুর দিকে লুপাস রোগীদের উপর পরিচালিত পরীক্ষায় প্রথমবারের মতো ওষুধ-মুক্ত উপশম দেখা গেছে (Nature Medicine, 2026)।
সম্প্রতি নেচার জার্নালে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যেখানে CAR-T থেরাপির মাধ্যমে অটোইমিউন রোগ নিয়ন্ত্রণে সাফল্যের দাবি করা হয়েছে। CAR-T কোষ দিয়ে চিকিৎসার জন্য গ্রহীতার নিজস্ব প্রাকৃতিক টি কোষগুলোকে আলাদা করে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে দক্ষতার সাথে আক্রমণ ও ধ্বংস করার জন্য জিনগতভাবে পরিবর্তন করা হয়। তিনটি অটোইমিউন রোগের এক বিরল সংমিশ্রণে আক্রান্ত জার্মানীর একজন মহিলা ১৪ মাস আগে এ ধরনের থেরাপি মাত্র একবার নেবার পর সুস্থ আছেন।
ইনভার্স ভ্যাকসিন
অটোইমিউন রোগের চিকিৎসার জন্য ইনভার্স ভ্যাকসিনসমূহকে এমনভাবে প্রশিক্ষণ দেয়া হয় যাতে করে তারা রোগ সৃষ্টিকারী জীবাণুকে আক্রমণ করার পরিবর্তে রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সুনির্দিষ্ট, আত্ম-আক্রমণকারী অণুগুলোকে উপেক্ষা করতে পারে। প্রচলিত ভ্যাকসিনগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পক্ষান্তরে নতুন ভ্যাকসিনগুলো অ্যান্টিজেনকে লিভারে পাঠিয়ে ইমিউন টলারেন্স বা রোগ প্রতিরোধ সহনশীলতা তৈরি করে। লিভার সেগুলোকে নিরাপদ হিসেবে চিহ্নিত করে। এটি সামগ্রিক রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল না করেই মাল্টিপল স্ক্লেরোসিস এবং টাইপ ১ ডায়াবেটিসের মতো রোগ নিরাময় করে।
ইনভার্স ভ্যাকসিনগুলো কীভাবে কাজ করে?
এই ভ্যাক্সিনগুলো একটি রোগ-সম্পর্কিত অ্যান্টিজেনকে (যা রোগ প্রতিরোধ ব্যবস্থার আক্রমণের লক্ষ্যবস্তু) একটি শর্করা অণুর (যেমন ফসফোগ্লিসারালডিহাইড, পি-গ্যাল সাথে যুক্ত হয় যকৃতকে লক্ষ্য করে। যকৃত এই যৌগটিকে একটি মৃতপ্রায় কোষ হিসেবে শনাক্ত করে এবং রোগ প্রতিরোধকারী কোষগুলো যাতে এটিকে আক্রমণ না করে তার জন্য সংকেত দেয়।
ছবি: পি-গ্যাল শর্করা অনু
অটোইমিউনিটির চিকিৎসা
এদের লক্ষ্য হলো এমন সব রোগের চিকিৎসা করা যেখানে রোগ প্রতিরোধ ব্যবস্থা সুস্থ টিস্যু ধ্বংস করে। এর মধ্যে রয়েছে মাল্টিপল স্কেলেরোসিস (এমএস, যেখানে মায়েলিন শিথ সুরক্ষিত থাকে; টাইপ ১ ডায়াবেটিস যা ইনসুলিন উৎপাদনকারী অগ্ন্যাশয়ের কোষগুলোকে রক্ষা করে; এবং সিলিয়াক ডিজিজ যা গ্লূটেনের প্রতি প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ ও অ্যালার্জির প্রতিক্রিয়া কমানোর মাধ্যমে করা হয়।
এআই-চালিত প্রাথমিক শনাক্তকরণ
এআই মডেলগুলো উপসর্গ দেখা দেওয়ার বহু বছর আগেই রক্ত পরীক্ষা এবং ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ডের মধ্যে থাকা উপ-ক্লিনিক্যাল প্যাটার্ন বিশ্লেষণ করে। ফলে স্থায়ী টিস্যুর ক্ষতি হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।
এআই নির্দিষ্ট অটোঅ্যান্টিবডি বা সামান্য প্রদাহজনিত মার্কারের মতো প্রাথমিক সতর্কীকরণ চিহ্নগুলি শনাক্ত করার মাধ্যমে স্থায়ী ও অপরিবর্তনীয় টিস্যু ক্ষতি হওয়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া সহজ করে দেয়।
উপসংহার
অটোইমিউন চিকিৎসার ক্ষেত্রটি নিষ্ক্রিয় দমন থেকে সক্রিয় ইমিউন রিপ্রোগ্রামিং-এর দিকে উন্নীত হয়েছে। সম্প্রতি CAR-T থেরাপি এবং ইনভার্স ভ্যাকসিনের আবির্ভাব এমন এক ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে যেখানে রোগীদের হয়তো আর আজীবন ইমিউনোসাপ্রেসেন্টের ওপর নির্ভরশীল থাকতে হবে না। তবে পরিবেশগত পরিচ্ছন্নতা এবং প্রক্রিয়াজাত খাদ্যের সাথে সম্পর্কিত এই রোগগুলোর বৃদ্ধি একটি উল্লেখযোগ্য জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
আধুনিক রোগীর লক্ষ্য হলো এই উচ্চ-প্রযুক্তিগত হস্তক্ষেপগুলোকে কম-প্রযুক্তিগত বিপাকীয় স্তম্ভগুলোর সাথে সমন্বয় করা: যেমন অন্ত্রের স্বাস্থ্য, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং প্রদাহ-বিরোধী পুষ্টি। এই দ্বৈত পদ্ধতি নিশ্চিত করে যে, আমরা যেমন রোগ প্রতিরোধ ব্যবস্থার জিনগত দিক আয়ত্ত করি, তেমনই যেন এর কার্যপরিবেশকেও সমর্থন করি।
প্রশ্নোত্তর
অটোইমিউন রোগের কারণ কী?
অটোইমিউন রোগের প্রধান কারণ হলো রোগের ক্ষেত্রে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা (ইমিউন সিস্টেম) ভুল করে নিজের শরীরের টিস্যু বা অঙ্গগুলোকে আক্রমণ করে। এর পেছনে বংশগতি, পরিবেশগত কারণ, হরমোন পরিবর্তন ও স্ট্রেসের ভূমিকা থাকতে পারে।
বংশগতি কি অটোইমিউন রোগের জন্য দায়ী?
হ্যাঁ, বংশগতি কিছু অটোইমিউন রোগের জন্য দায়ী হতে পারে। যদি পরিবারের অন্য সদস্যদের মধ্যে এই রোগ দেখা যায়, তবে সম্ভাবনা বেড়ে যায়। তবে এটি একমাত্র কারণ নয়, পরিবেশগত প্রভাবও গুরুত্বপূর্ণ।
অটোইমিউন রোগের জন্য পরিবেশগত ভূমিকা কী?
পরিবেশগত কারণের মধ্যে স্ট্রেস, ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ, ধূমপান, বিষাক্ত উপাদান, কিছু ওষুধ, ওজন বৃদ্ধি বা অপ্রচলিত জীবনধারা অন্তর্ভুক্ত।
অটোইমিউন রোগের চিকিৎসা সহজ নয় কেন?
কারণ এই রোগের জন্য চূড়ান্ত বা পুরোপুরি নিরাময়ক ওষুধ নেই বললেই চলে। গবেষন এগিয়ে চলছে। যাই হোক, চিকিৎসায় রোগের উপসর্গ নিয়ন্ত্রণে রাখা হয়, তবে রোগের প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করা যায় না। এছাড়া, প্রতিরোধমূলক চিকিৎসা ও রোগের অগ্রগতি নিয়ন্ত্রণে কঠিনতা রয়েছে।
অটোইমিউন রোগের প্রধান লক্ষণগুলো কী কী?
সাধারণ লক্ষণগুলো হলো ক্লান্তি, পেশীর ব্যথা, জয়েন্টের ব্যথা, জ্বর, অঙ্গপ্রত্যঙ্গের ফোলাভাব এবং ত্বকের সমস্যা।
এই রোগের ঝুঁকি কমাতে কী করা উচিত?
সুস্থ জীবনধারা অনুসরণ, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া, স্ট্রেস কমানো, সুস্থ খাবার খাওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।
অটোইমিউন রোগের কি কোন প্রতিরোধের উপায় আছে?
পুরোপুরি প্রতিরোধের উপায় এখনও জানা যায়নি। তবে সুস্থ জীবনধারা এবং সময়মতো চিকিৎসা নেওয়া রোগের প্রকোপ কমাতে সাহায্য করে।